ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় ড.ইউনূস – হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

২০২৫ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা (৪৪) নামে এক নারী। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

মামলার আবেদনে আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, সাংবাদিক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ারসহ আরও অনেকে।

আবেদনে বলা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট ১ থেকে ৯ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদে বেআইনি জনতাবদ্ধ হয়ে ৩০০০-৫০০০ জন লাঠিসোটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায়। তারা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র, বইসহ মূল্যবান সম্পদ লুটপাট করে। পরে দুটি বুলডোজার ও এক্সকাভেটর এনে রাতভর ভবনটি ভাঙা হয় এবং ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত তা গুঁড়িয়ে দেওয়া হয়।

আবেদনে আরও অভিযোগ করা হয়, মামলার ১১ নম্বর আসামি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ এরপর রাত ৯টার পর মিছিল নিয়ে বাসভবনে হামলা ও বিস্ফোরক ব্যবহার করে ভবনটি ধ্বংস করা হয়।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫, ৪২৭, ৪৩৫, ৪৩৮, ৪৮, ৪২০, ৫০৬ ও ৫০৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন বাদীপক্ষের আইনজীবী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *