হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই দল শিক্ষার্থীর তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১৫

হবিগঞ্জ মেডিকেল কলেজের অস্থায়ী হোস্টেলে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাকিদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজের হোস্টেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, মধ্যরাতে হোস্টেলের তাফসির ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে জ্যেষ্ঠতা ও কনিষ্ঠতা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়।

আগে থেকেই তাঁদের মধ্যে পারস্পরিক কোন্দল চলছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং লোহার রড ও কাঠের স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি।

এদিকে, আহতদের একটি পক্ষের দাবি— এটি সাধারণ কোনো সিনিয়র-জুনিয়র বিরোধ নয়। ছাত্রশিবির সমর্থিত একদল শিক্ষার্থী পরিকল্পিতভাবে ছাত্রদলের সমর্থক শিক্ষার্থীদের ওপর এই হামলা চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *