প্রধান সড়কে স্মার্ট ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন প্রধান সড়কগুলোতে নাগরিকদের চলাচলের সুবিধা বৃদ্ধি ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পর্যায়ক্রমে আধুনিক ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় নতুন স্মার্ট লাইটযুক্ত ডেকোরেটিভ পোলের উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘রাজধানী ঢাকাকে আরও আলোকিত, নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নেই উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এই বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, কেবল অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নই শেষ কথা নয়; এসব ডেকোরেটিভ পোলের যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন বহন করবে। তবে নগরীকে সুন্দর ও বসবাসযোগ্য রাখতে এবং এসব সেবামূলক উদ্যোগের দীর্ঘমেয়াদি সুবিধা পেতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবে রূপ নিচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শহরকে একটি পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত, আধুনিক ও নিরাপদ বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’

ডিএনসিসি সূত্রে জানা যায়, নগর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যায়ক্রমে এলইডিশাসিত দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব ডেকোরেটিভ পোল স্থাপন করা হচ্ছে, যা রাতের বেলায় পথচারী ও যানবাহন চলাচলে বাড়তি নিরাপত্তা যোগাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *