বোয়ালমারীতে কবিরাজের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মো. হানিফ শেখ (৫১) নামে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হানিফ শেখ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ মার্চ ওই কিশোরীকে কবিরাজি চিকিৎসার জন্য হানিফ শেখের কাছে নিয়ে যাওয়া হয়। পরদিন চিকিৎসার অযুহাতে নিজ ঘরে নিয়ে ওই কিশোরীকে যৌন নিপীড়ন করেন তিনি। এ ঘটনায় ২৪ মার্চ কিশোরীর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্র তদন্ত শেষ করে একই বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, কবিরাজি চিকিৎসার নামে এ ধরনের জঘন্য অপরাধ দমনে আদালতের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *