সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি উদ্ধার ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬০টি ‘পোস্ট-ক্র্যাশ রেসপন্স অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে হাইওয়ে পুলিশের কাজের গতি বাড়াতে ৮০টি নতুন মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক ভবনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ (বিআরএসপি)-এর আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
অ্যাম্বুলেন্স মোতায়েনের রুট ও পরিকল্পনা
প্রকল্প কর্মকর্তারা জানান, মহাসড়কের তিনটি নির্ধারিত করিডরে মোট ৫০০ কিলোমিটার জুড়ে এই বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্সগুলো নিয়োজিত থাকবে:
-
জয়দেবপুর – রাজশাহী: ২২৭ কিলোমিটার
-
জয়দেবপুর – ময়মনসিংহ: ১০০ কিলোমিটার
-
হাটিকুমরুল – বগুড়া হয়ে রংপুর: ১৭০ কিলোমিটার
দুর্ঘটনার খবর পাওয়ার পর যাতে স্বল্পতম সময়ে সাহায্য পৌঁছাতে পারে, সে জন্য প্রতি ১০ কিলোমিটার পর পর একটি করে অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার পরিকল্পনা করা হয়েছে। এই সেবাটি সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চালু থাকবে।
সেবা পরিচালনা পদ্ধতি
একটি কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে সেবাটি পরিচালিত ও সমন্বিত হবে:
-
কল সেন্টার: দুর্ঘটনা ঘটলে নির্ধারিত হটলাইনে কল পাওয়া মাত্রই অপারেটর দুর্ঘটনাস্থল, ঘটনার ধরণ ও আহতের সংখ্যা নথিভুক্ত করবেন।
-
সতর্কবার্তা প্রেরণ: কল সেন্টার থেকে নিকটবর্তী প্রশিক্ষিত স্থানীয় স্বেচ্ছাসেবক, অ্যাম্বুলেন্স চালক, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও সুপারভাইজারের কাছে সাথে সাথে সংকেত পাঠানো হবে।
-
প্রাথমিক চিকিৎসা ও স্থানান্তর: খবর পাওয়া মাত্রই স্থানীয় স্বেচ্ছাসেবকেরা দ্রুত পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করবেন এবং সাইট অফিস থেকে অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে রওনা হবে। প্রয়োজন অনুযায়ী কল সেন্টার ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সাথেও সমন্বয় করবে।
-
স্বাস্থ্য প্রযুক্তিবিদ: প্রতি অ্যাম্বুলেন্সে বিএমডিসি-নিবন্ধিত তিনজন করে স্বাস্থ্য প্রযুক্তিবিদ ৮ ঘণ্টার পালায় (শিফট) দায়িত্ব পালন করবেন।
-
স্থানীয় স্বেচ্ছাসেবক: দ্রুত সাড়া দেওয়ার সুবিধার্থে নির্ধারিত করিডরের প্রতি ২০০-৩০০ মিটার পর পর স্থানীয় দুজন করে বাসিন্দাকে প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফার্স্ট এইড বক্স ও পরিচিতিমূলক পোশাক পরিহিত এসব স্বেচ্ছাসেবক সম্পূর্ণ বিনাপারিশ্রমিকে প্রাথমিক সহায়তায় এগিয়ে আসবেন।
২০৩০ সালের লক্ষ্য ও মন্ত্রীর বার্তা
আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” এই লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য—এই তিন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, safe road নিশ্চিত করতে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত আইন প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করা, ঝুঁকিপূর্ণ বাজার অপসারণ, সড়কের সংযোগস্থল সংস্কার এবং দুর্ঘটনার পর ট্রমা সেন্টারগুলো সচল রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply