কোস্টারিকার পর চিলিতে মাঝারি মাত্রার ভূ-কম্পন, আতঙ্কে রাস্তায় নামে মানুষ

দক্ষিণ আমেরিকার দেশ চিলির সান্টিয়াগোসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাতে মাত্র তিন মিনিটের ব্যবধানে পর পর এই কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূ-কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, তবে এতে বড় ধরণের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এটি ভূমি থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়, যার উপকেন্দ্র ছিল রাজধানী সান্টিয়াগোর প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই মাত্র তিন মিনিট পর, অর্থাৎ রাত ২টা ১৩ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এলাকাটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মূল কম্পনের পর ভোরপর্যন্ত একাধিক হালকা আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ি এলাকায় কিছু ছোটখাটো ভূমিধস এবং পুরনো কয়েকটি ভবনের দেয়ালে ফাটল ধরার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *