গাজা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনা: হামাসকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

গাজা সীমান্ত থেকে ইসরায়েলের অভ্যন্তরে ঘুড়ি, ড্রোন কিংবা বেলুন পাঠানো হলে তার কঠোর ও তীব্র জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গাজায় চলমান যুদ্ধবিরতির আবহে সীমান্ত পার করে উড়ে আসা ঘুড়িকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে সীমান্ত সংলগ্ন বেশ কিছু এলাকায় ঘুড়ির উপস্থিতি শনাক্ত করা যায়। বিশেষ করে শুক্র ও শনিবার সীমান্ত থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত ‘কিববুজ নাহাল ওজ’ এলাকায় অন্তত ৪টি ঘুড়ি পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দক্ষিণ ইসরায়েলের অন্যান্য স্থানেও কয়েকটি ঘুড়ির দেখা মিলেছে।

হামাসকে দায়ী করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়ে দেন, “এই ধরনের ঘটনা বন্ধে ইসরায়েল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং কঠোর ব্যবস্থা নেবে।” তিনি আরও উল্লেখ করেন, ঘুড়িতে বিস্ফোরক থাকুক বা না থাকুক, সেটিকে ড্রোন বা অন্যান্য সামরিক অস্ত্রের মতো বিপজ্জনক হিসেবেই গণ্য করা হবে এবং সমানভাবে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।

সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া কেমন হয়, তা পরীক্ষা করতেই হয়তো হামাস এসব ঘুড়ি ওড়াচ্ছে। যদিও পরবর্তীতে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে, ঘুড়িগুলোতে ক্ষতিকারক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে তা কোনো বড় ধরনের হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে, ঘুড়ি ওড়ানোর পেছনে কোনো ধরনের ভূমিকা থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে হামাস। সংগঠনটির এক মুখপাত্র জানান, সীমান্ত পার হয়ে যাওয়া এসব বিস্ফোরকবিহীন সাধারণ ঘুড়ি হয়তো সেসব শিশুদের, যারা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও শৈশবের কিছুটা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে হামাসের অভিযোগ, চুক্তি ভঙ্গ করে গাজায় আবারও নতুন করে বিমান হামলা ও সামরিক তৎপরতা চালাতে ইসরায়েল এই নিষ্পাপ ঘুড়িগুলোকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *