নব্য চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে পাড়ায়-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি শ্রমজীবী মানুষের কষ্টের কথা উল্লেখ করে লেখেন, একজন নিম্নআয়ের মানুষ সারাদিন কষ্ট করে যে ৫০০ টাকা উপার্জন করেন, সেখান থেকে যদি ২০০ বা ৩০০ টাকা চাঁদা বাবদ কেড়ে নেওয়া হয়, তবে তার সংসারের জরুরি চাহিদাগুলো অপূর্ণ থেকে যায়। একজন খাটুনি দেওয়া শ্রমিকের কাছে এই সম্বলটুকুই যেন হাজার কোটি টাকার সমান।
ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, বর্তমানে ছোটখাটো ব্যবসা, দোকানপাট, গণপরিবহন কিংবা বাড়ি নির্মাণ—সবক্ষেত্রেই চাঁদা দাবি করা হচ্ছে। আর এই অবৈধ অর্থের প্রভাব খাটিয়ে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করা হয়। চাঁদাবাজির এই টাকার ভাগ ধাপে ধাপে উঁচু পর্যায়ের নেতাদের কাছেও পৌঁছে যায় বলে তিনি দাবি করেন।
চাঁদাবাজিকে মানুষের বেঁচে থাকার অধিকার হরণ হিসেবে আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, দেশের সাধারণ মানুষ যখন তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ঘরে তুলে নিতে পারবে, তখনই প্রকৃত অর্থে দেশ সুরক্ষিত হবে। তাই সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Leave a Reply