প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও সমান নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
সোমবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আটটি মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিনিধি দলটি তাঁকে পূজার আমন্ত্রণ জানাতে কার্যালয়ে যান।
সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষ সমানভাবে অংশ নিয়েছেন। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে সব ধর্মীয় মতাদর্শের মানুষই নিপীড়নের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরকারপ্রধান হিসেবে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা রক্ষা করা তাঁর পবিত্র দায়িত্ব।
হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপে তারা সন্তুষ্ট। সভায় ঢাকা-১৭ আসনের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply