“ফ্যাসিবাদ বিদেশে বসেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তবে আমরা সজাগ আছি”: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা ও নির্যাতনের অবসান ঘটিয়ে দেশ এখন ফ্যাসিবাদমুক্ত হলেও বিদেশে বসে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে নেতাকর্মীরা পুরোপুরি সজাগ ও সতর্ক রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার সময় আয়োজিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর আমরা অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। গুম, মামলা, হামলা ও জেলের মতো স্টিমরোলার প্রতিনিয়ত আমাদের ওপর চালানো হয়েছে। আজ আমরা ফ্যাসিবাদমুক্ত সমাজ পেয়েছি।”

গণতন্ত্রের মূল লক্ষ্যের কথা তুলে ধরে তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই এখন তাদের প্রধান লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানান তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *