অর্থনীতিকে চাঙা করতে এবং বিদেশি পর্যটক আকর্ষণে নেওয়া বিভিন্ন শিথিল ভিসানীতির সুফল পেতে শুরু করেছে চীন। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশটিতে সীমান্ত পারাপারের ঘটনা ঘটেছে মোট ১৯ কোটি ২০ লাখ।
সম্প্রতি চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে বুধবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
বিদেশি নাগরিকের আগমন: গত তিন মাসে চীনে ১ কোটি ১৬ লাখ বিদেশি নাগরিক প্রবেশ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬ শতাংশ বেশি।
ভিসামুক্ত প্রবেশ: এ সময়ে ভিসামুক্ত প্রবেশ বেড়েছে ২৪.১ শতাংশ। মোট বিদেশি আগমনের ৭৭.৫ শতাংশই হয়েছে ভিসামুক্ত সুবিধার আওতায়।
শীর্ষ উৎসদেশ: চীন ভ্রমণে এগিয়ে থাকা শীর্ষ তিনটি দেশ হলো— রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। এছাড়া শীর্ষ তালিকায় রয়েছে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া।
চীনের অভিবাসন ব্যুরোর মুখপাত্র লু নিং জানিয়েছেন, দেশটির সম্প্রসারিত একতরফা ও স্বতন্ত্র উন্মুক্তকরণ নীতি আন্তসীমান্ত ভ্রমণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, বিভিন্ন দেশ চীনা নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ায় বিদেশ ভ্রমণের প্রবণতাও ঊর্ধ্বমুখী।
ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা:
বিদেশি পর্যটক আকৃষ্ট করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গত কয়েক বছরে বেশ কয়েকটি দেশের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার চালু করেছে বেইজিং। এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনের স্টেট কাউন্সিল। একই সঙ্গে বিদেশি পর্যটকদের বার্ষিক ব্যয় ১৫ হাজার কোটি মার্কিন ডলারের বেশি করার পরিকল্পনা রয়েছে দেশটির।

Leave a Reply