অমিত শাহের ভবিষ্যদ্বাণী: আগামী ৩০ বছরেও ক্ষমতায় ফিরবে না কংগ্রেস

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দাবি করেছেন, আগামী তিন দশকেও দেশের ক্ষমতার মসনদে ফিরতে পারবে না কংগ্রেস। সম্প্রতি বিরোধী দলগুলোর ভোট চুরির অভিযোগ এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলমান আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ৬২তম জন্মদিনে দিল্লিতে যমুনা নদী পরিচ্ছন্নতার জন্য ৮ হাজার ৯৪১ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বেশ কিছু মন্তব্য করেন অমিত শাহ।

অনুপ্রবেশকারীদের ভোটাধিকার সুরক্ষিত করার জন্যই কংগ্রেস ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আপত্তি তুলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, হারের হতাশা থেকেই বিরোধীরা এখন ভোট চুরির জুজু দেখাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে ‘ইন্ডিয়া’ জোটের রাজপথের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন, কেবল আন্দোলন বা অবস্থান কর্মসূচি চালিয়ে জনগণের রায় বদলানো যায় না।

রাহুলের বিদেশ সফর নিয়ে ব্যঙ্গ
দিল্লিতে কংগ্রেসের আন্দোলন স্তিমিত হওয়া এবং রাহুল গান্ধীর বিদেশ সফর প্রসঙ্গে অমিত শাহ বলেন, “আমি জানি আমার কথা আপনি (রাহুল) এখন শুনতে পাচ্ছেন না, কারণ আপনি বিদেশে কোথাও আছেন।” তিনি আরও যোগ করেন, রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে তার কোনো মাথাব্যথা নেই, তবে দেশে ফিরে যেন এই বার্তাটি মাথায় রাখেন যে, আগামী ৩০ বছর কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই।

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীরা প্রায়ই প্রশ্ন তোলে তিনি কীভাবে নির্বাচনের ফলাফল আগে থেকেই বলে দেন। এর জবাবে অমিত শাহ স্পষ্ট ভাষায় জানান, তিনি এই দেশেই থাকেন এবং জনগণের মাঝেই তার বসবাস। নিয়মিত বিদেশভ্রমণের প্রয়োজন না হওয়ায় দেশের মানুষের নাড়ির স্পন্দন তিনি খুব ভালোভাবেই অনুধাবন করতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *