জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তাঁর মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগ আমলের নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করে স্পিকার বলেন, ওই সময়ে এমন এক পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিত্তশালী না হলেও যাঁদের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, সাধারণ মানুষ যাতে তাঁরাও নির্বাচন করতে পারেন—নির্বাচন কমিশনকে সেই উপযোগী পদ্ধতিই নির্ধারণ করতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছর ধরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন এবং তা নিশ্চিত করতে হবে।
ভোলার গ্যাসের অধিকার প্রসঙ্গে তিনি জানান, ভোলায় পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে, যা দেশের বর্তমান রিজার্ভের সমান। ভোলাবাসীর দীর্ঘদিনের এই গ্যাস পাওয়ার দাবিকে তাদের ‘ন্যায্য অধিকার’ উল্লেখ করে স্পিকার বলেন, “ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছেন। এ বিষয়ে আমি দ্রুত জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলব।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply