গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু মিয়া (৫২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মিয়া (২৩) নামের অপর এক কারবারি পালিয়ে যেতে সক্ষম হন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার কাপাসিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মশিউর রহমানের দোকানের সামনে থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে দুলু মিয়াকে গ্রেফতার করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় কৌশলে পালিয়ে যায় শাকিল মিয়া।
গ্রেফতারকৃত দুলু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া দালালপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply