দেশের বন্ধ থাকা বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিলগুলো পুনরায় চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমানোর ওপর বিশেষ জোর দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, এসব শিল্পকারখানাকে উৎপাদনমুখী করতে কাজ করছে সরকার, যা নির্বাচনী অঙ্গীকারের একটি বড় অংশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লি. পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে আমিন জুট মিলসকে কীভাবে লাভজনক ও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কারখানাগুলোকে শুধু অবকাঠামোগত স্থাপনা হিসেবে না দেখে উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের অন্যান্য বন্ধ কারখানাগুলোর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। এটি বাস্তবায়িত হলে একদিকে যেমন শিল্পায়ন ত্বরান্বিত হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতির বিকাশ ও জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমিন জুট মিলসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply