চট্টগ্রামের বাঁশখালী থেকে ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর ঘটনায় এক চাকরিচ্যুত সাবেক সেনাসদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে গড়ে ওঠা এই চক্রের মূলহোতা ছিলেন বরখাস্ত হওয়া সেনাসদস্য সুমন মুন্সি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।
এর আগে, গত বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফের লেদা (আলীখালী) রোহিঙ্গা ক্যাম্প-২৫ সংলগ্ন এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী এহছানকে সুস্থ অবস্থায় উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজারে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের হার্ডওয়্যারের দোকানে বসেছিলেন ব্যবসায়ী এহছান। এ সময় কালো পোশাক, এসআরবি লেখা জ্যাকেট, মাথায় কালো ক্যাপ ও মুখে মাস্ক পরা একদল ব্যক্তি দোকানে প্রবেশ করেন। তারা নিজেদের এসআরবি সদস্য পরিচয় দিয়ে এহছানের যমজ ভাই মো. হোছাইনের ছবি দেখিয়ে পরিচয় নিশ্চিত করেন।
এহছান নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তার দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে ফেলা হয়। পরে জোরপূর্বক দোকান থেকে বের করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন যানবাহনে করে তাকে কক্সবাজারের দিকে স্থানান্তরিত করা হয়।
অপহরণের কয়েক ঘণ্টা পর রাত ১১টা ৪০ মিনিট থেকে ব্যবসায়ীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপকের মুঠোফোনে ভিওআইপি নম্বরের মাধ্যমে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে এহছানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাইয়ের এজাহারের ভিত্তিতে বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়।
ঘটনার পরপরই নড়েচড়ে বসে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল, বাংলাবাজার ও কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি, এসআরবি লেখা পাঁচটি কালো জ্যাকেট, দুটি ভুয়া পরিচয়পত্র এবং একজোড়া হ্যান্ডকাফ জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সুমন মুন্সি অতীতে উখিয়া এলাকায় র্যাবে কর্মরত ছিলেন। সে সময় কিছু রোহিঙ্গার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। পরবর্তীতে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয় এবং কারাভোগ করতে হয়। জেল থেকে বেরিয়ে তিনি অপরাধের নতুন পথ বেছে নেন এবং চাকরিচ্যুত ও বিভিন্ন অপরাধী চক্রের লোকজনকে সঙ্গে নিয়ে একটি ভুয়া এসআরবি দল গঠন করেন।
চক্রের অন্য সদস্যরা বিভিন্ন স্থানে সম্ভাব্য ভুক্তভোগীদের গতিবিধি পর্যবেক্ষণ করে সুমনের কাছে তথ্য পৌঁছে দিতেন। সেই তথ্যের ভিত্তিতে সুমন ও তার সহযোগীরা ভুয়া পরিচয়ে অপহরণ চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপদ দূরত্বে আটকে রেখে মুক্তিপণ আদায় করতেন।
পুলিশ জানিয়েছে, মূলহোতা সুমন মুন্সির বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও অস্ত্রআইনসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply