মার্কিন আইনপ্রণেতাদের নজরদারিতে নেভিল রায় সিংহামের সংশ্লিষ্ট সংগঠনগুলো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা নেভিল রায় সিংহামের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ও কার্যক্রম নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চলা বিক্ষোভে এসব সংগঠনের সংযোগ খুঁজে পাওয়ার দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেসের নজরদারির মুখে পড়েছে সংগঠনগুলো।

সাংবাদিক আসরা কিউ নোমানির করা ফক্স নিউজ ডিজিটালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশের মোট ১০১টি সংগঠনকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিষ্ঠান ইউরোপের বিভিন্ন বিক্ষোভের সমন্বয় বা প্রচারে ভূমিকা রেখেছে। পাশাপাশি, ‘প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’ ও ‘ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিস’-এর মতো সংগঠনের সঙ্গে ভারতীয় বিক্ষোভকারীদের যোগাযোগের তথ্যও এতে উঠে এসেছে।

গত ১৬ অক্টোবর ফ্রান্স, স্পেন, আলবেনিয়া ও ভারতের বিভিন্ন বিক্ষোভ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ ব্রিফিং করে প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল। এর আগে গত ১২ অক্টোবর নয়াদিল্লির যন্তর মন্তরে নির্বাচনী তালিকা সংশোধনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছিল সংগঠনটি। এছাড়া ট্রাইকন্টিনেন্টাল ইনস্টিটিউটের পরিচালক বিজয় প্রসাদও বিভিন্ন দেশের বিক্ষোভের পারস্পরিক যোগসূত্র নিয়ে মন্তব্য করেছেন।

দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ভারতের নির্বাচনী তালিকা থেকে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। তবে ক্ষমতাসীন দল বিজেপি এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। ফক্স নিউজের প্রতিবেদনে আন্তর্জাতিক সংগঠনগুলোর নাম আসলেও, ভারতের বিক্ষোভে তাদের সরাসরি অর্থায়ন বা নিয়ন্ত্রণের কোনো শক্ত প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রেক থ্রু নিউজ’, ‘কোডপিংক’ এবং ‘পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন’-এর মতো গোষ্ঠীগুলো সাংহাইপ্রবাসী মার্কিন উদ্যোক্তা নেভিল রায় সিংহামের তহবিল ও সহায়তা পেয়ে থাকে। বিদেশি প্রভাব ও রাজনৈতিক কার্যক্রমে এই অর্থায়নের উৎস খতিয়ে দেখতে মাঠে নেমেছে মার্কিন কংগ্রেসের ওয়েজ অ্যান্ড মিনস কমিটি। পরিস্থিতি মূল্যায়নে গত জুলাইয়ে রিপাবলিকান প্রতিনিধি জেসন স্মিথের নেতৃত্বাধীন এই কমিটি সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনকে সমন জারি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *