রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিটে উৎপাদন শুরুর জোর প্রস্তুতির মধ্যেই দ্বিতীয় ইউনিট নিয়ে নতুন পরিকল্পনা

দেশের মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এর পাশাপাশি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কাজও সমান তালে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ১১ অক্টোবর রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বা নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) এই অনুমোদনের ছাড়পত্র দেয়। বিদ্যুৎ উৎপাদনের আগের এটি একটি বড় মাইলফলক। সংশ্লিষ্টদের আশা, চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ এই ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

প্রথম ইউনিটের কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইউনিট চালুর কাজও থেমে নেই। গত ২ অক্টোবর থেকে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম জ্বালানি রাশিয়া থেকে দেশে আসা শুরু হয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপে চলমান থাকবে। রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টি—সব মিলিয়ে মোট ৯টি কার্গো উড়োজাহাজে করে এই পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে।

দ্বিতীয় ইউনিটের অবকাঠামোগত বাকি কাজগুলো দ্রুত শেষ করে আগামী বছরের শুরুর দিকে জ্বালানি লোডের জন্য ইউনিটটিকে পুরোপুরি প্রস্তুত করা হবে। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি সাপেক্ষে আগামী বছরের জুন মাসের দিকে দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের কাজ শুরু হতে পারে। ফুয়েল লোডিংয়ের পর চার থেকে ছয় মাসের মধ্যে এই ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের প্রথম ও দ্বিতীয়—উভয় ইউনিটেই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া রাশিয়ার বাইরে রূপপুরেই রোসাটমের প্রথম প্রকল্প হিসেবে ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সাবসিডিয়ারি আরএএসইউ-এর সরবরাহ করা এই ব্যবস্থার মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ প্রায় সাত হাজার প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে, যা বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ বিষয়ে জানান, বর্তমানে প্রথম ইউনিটের উৎপাদন শুরুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ইউনিটের কাজও যথাযথভাবে এগিয়ে চলেছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *