ঝিমিয়ে পড়া সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে এবং আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কের অংশীজনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুখ্য সচিব বলেন, দীর্ঘদিন ধরে স্থবির থাকা এই প্রকল্পটি বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক। নির্বাচনের আগে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দ্রুত দৃশ্যমান করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে আজ মাঠপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। এর আগে তিনি শিল্প পার্কের সার্বিক কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। সভা শেষে মুখ্য সচিব শিল্প পার্ক চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।
উল্লেখ্য, ২০১২ সালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে তা এতদিন বাস্তবায়িত হয়নি। বর্তমান উদ্যোগের ফলে দ্রুত এর সুফল পাবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

Leave a Reply