সুনামগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, তিন বাংলাদেশি আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮) এবং স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য দোয়ারাবাজারের ইসলামপুর গ্রামের মো. আমির (১৬/১৭)।

২৮ বিজিবি সূত্র জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীযস্বজন রয়েছেন। তাদের অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার জন্য আর্থিক চুক্তিতে রাজি হয়েছিল স্থানীয় পাচারকারী চক্র। ঘটনার রাতে তাদের ভারতীয় দালাদের হাতে তুলে দেওয়ার জন্য সীমান্ত অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য দুই সদস্য দোয়ারাবাজারের অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার ও মানবপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের ধরতে পুলিশ ও বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *