২০২৬ সালের প্রথমার্ধে সৌদিতে ১০৮ জনের মৃত্যুদণ্ড: শীর্ষে মাদক ও বিদেশি নাগরিকেরা

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের গতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)-এর তথ্য অনুযায়ী, এই সময়ে দেশটিতে বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের মোট ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে দুই বাংলাদেশির ফাঁসি কার্যকরের ঘটনা এই প্রতিবেদনের পরিসংখ্যানে যুক্ত হয়নি।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত মোট মৃত্যুদণ্ডের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে। পূর্ববর্তী যেকোনো শাসনামলের তুলনায় এটি একটি রেকর্ড। বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় সৌদি আরব বরাবরের মতো এবারও শীর্ষ অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, শাস্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭টি দেশের নাগরিক রয়েছেন।

বিদেশি বনাম স্থানীয়: চলতি বছরে মোট ৫৯ জন বিদেশি নাগরিকের (৫৪%) এবং ৪৯ জন সৌদি নাগরিকের (৪৬%) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, মিসর ও আফগানিস্তানের নাগরিকেরা এই তালিকার অন্তর্ভুক্ত।

মাদক-সংশ্লিষ্ট অপরাধ: ৭১টি (৬৬%)—যার মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ইথিওপিয়া, পাকিস্তান, সুদান ও ইয়েমেনের নাগরিক।

হত্যাকাণ্ডের মামলা: ২৫টি (২৩%)।

রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত: ৯টি (৮%)।

অন্যান্য: ৩টি (৩%)।

বিশেষজ্ঞদের মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোট ১০৮ জনের মধ্যে ৮৩ জনের (প্রায় ৭৬.৮%) অপরাধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এছাড়া বিচারকদের একক বিবেচনামূলক ক্ষমতা বা ‘তাজির’ নীতির ভিত্তিতে ৮৪টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইএসওএইচআর জানিয়েছে, ১০৮টি মামলার মধ্যে ৯১টির ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যকরের আগে কোনো তথ্য প্রকাশ বা নথিবদ্ধ করা হয়নি, যা সৌদি বিচারব্যবস্থায় স্বচ্ছতার অভাবকে প্রকট করে তোলে। সংস্থাটি আরও উল্লেখ করেছে, ১২ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অপ্রাপ্তবয়স্ক আলী আল-সুবাইতিসহ বহু বন্দীর ওপর নির্যাতন, আইনি সহায়তা না পাওয়া এবং পেশাদার দোভাষীর অনুপস্থিতির মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ক্রমবর্ধমান সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করা হলেও সৌদি আরব তাদের এই কঠোর আইনপ্রয়োগ ও মৃত্যুদণ্ড কার্যকরের ধারা অব্যাহত রেখেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *