মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও নৌবহর মোতায়েনের পাশাপাশি ইসরাইলের উচ্চ সতর্কাবস্থা নতুন করে হামলার আশঙ্কা তীব্র করে তুলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কবে নাগাদ ইরানে হামলা চালাতে পারে, সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।
শুক্রবার (২৩ অক্টোবর) পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যারাক জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হুমকির মুখে চলতি সপ্তাহের শেষ নাগাদই ইরানে হামলা হতে পারে। উপসাগরীয় অঞ্চল সফরের সময় সিরিয়াবিষয়ক দায়িত্বপ্রাপ্ত এই মার্কিন কূটনীতিক এই সাক্ষাৎকার দেন, যদিও আনুষ্ঠানিকভাবে ইরানবিষয়ক বিষয়ে তার সরাসরি কোনো দায়িত্ব নেই।
সাক্ষাৎকারে ব্যারাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে বলেন, ট্রাম্প মূলত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহী এবং দীর্ঘদিন ধরে এ নিয়ে আলোচনাও চলছে।
অন্যদিকে, আগামী মঙ্গলবার নির্বাচনকে সামনে রেখে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার পতন ঘটানোর অঙ্গীকার বারবার ব্যক্ত করেছেন। তবে নেতানিয়াহুর এই অবস্থানের বিপরীতে মার্কিন রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে চায় না।
ব্যারাক বলেন, ‘আপনারা যদি বিশ্ব, আমাদের মিত্র এবং উপসাগরীয় অঞ্চলকে হুমকি দিতে থাকেন, তাহলে এর পরিণতি ভোগ করতে হবে। তবে সেই পরিণতি শাসনব্যবস্থার পরিবর্তন হবে না।’ এছাড়া তিনি মন্তব্য করেন, শাসনব্যবস্থা পরিবর্তনের সবচেয়ে বড় জটিলতা হলো—পরিবর্তনের পরের দিন সেখানে কী পরিস্থিতি তৈরি হবে।
দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় থাকার পর ট্রাম্প নিজেও ইরানে হামলা চালানোর বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছেন, যদিও এর আগে তিনি জানিয়েছিলেন যে আগামী ৩ নভেম্বর মার্কিন কংগ্রেস নির্বাচনের আগে এমন হামলা হওয়ার সম্ভাবনা নেই।

Leave a Reply