ঝিনাইদহের কালীগঞ্জে ৫৫ বছরেও পাকেনি আড়ুয়াশালুয়ার কাঁচা রাস্তা: দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশালুয়া গ্রামের কাঁচা রাস্তাটি পাকাকরণের মুখ দেখেনি। পাকা সড়ক না থাকায় এই এলাকার ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালি ও খানাখন্দে রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে।

এলাকার প্রধান সমস্যা পোহাতে হচ্ছে স্থানীয় কৃষকদের। আড়ুয়াশালুয়া গ্রামের বিস্তীর্ণ মাঠে ধান, গম, মসুর ও কলাইয়ের মতো নানা ধরনের ফসল উৎপাদিত হলেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কারণে কৃষকরা তাদের কষ্টের ফসল সময়মতো ঘরে বা বাজারে নিতে পারছেন না। এতে তাদের বাড়তি শ্রম ও অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে। বর্ষা মৌসুমে যাতায়াত প্রায় বন্ধই থাকে। এছাড়া গর্ভবতী নারী বা কোনো গুরুতর অসুস্থ রোগীকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে বারবার আশ্বাস মিললেও বাস্তবে রাস্তাটি সংস্কার বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, রাস্তাটির নিজস্ব কোনো আইডি না থাকায় এতদিন এর পাকাকরণের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে রাস্তাটির আইডি পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। আইডি নম্বর বরাদ্দ পাওয়া মাত্রই দরপত্র আহ্বান করে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন ইউএনও।

কাগজ-কলমের প্রক্রিয়া পেরিয়ে কবে নাগাদ এই জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটে এবং কবে তারা বাস্তব উন্নয়নের মুখ দেখেন, এখন সেই অপেক্ষায় প্রহর গুনছেন আড়ুয়াশালুয়া এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *