টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে শিক্ষকের চুমু দেওয়া এবং পরবর্তীতে শিশুর বাবার ক্ষোভে ওই শিক্ষককে থাপ্পড় মারার ঘটনাটি নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা-সমালোচনা। এই প্রেক্ষাপটে শিশুদের নিরাপত্তা, মাদরাসা শিক্ষার মান এবং রাজনৈতিক নেতাদের আচরণ নিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
ঘটনাটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা গেছে। রাশেদ খান মনে করেন, এই ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থার ওপর দোষ চাপানো উচিত নয়। শিশুর বাবাও বিষয়টি পরিষ্কার করেছেন উল্লেখ করে তিনি জানান, মাদরাসা শিক্ষকরা নিজেরাই এই ধরনের অনভিপ্রেত ঘটনার প্রতিকার ও জনগণের আস্থা ফেরাতে উদ্যোগী হবেন বলে তার প্রত্যাশা।
সন্তান প্রতিটি মা-বাবার কাছে পবিত্র আমানত উল্লেখ করে রাশেদ খান বলেন, সন্তানের প্রতি কারো কুনজর দেখলে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। তবে এই ধরনের পরিস্থিতিতে আবেগপ্রবণ না হয়ে দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বজায় রাখার ওপরও তিনি জোর দেন।
পোস্টে তিনি একটি বিশেষ রাজনৈতিক প্রসঙ্গও টেনে আনেন। তার দাবি, একটি দলের প্রধান নেতা প্রকাশ্য স্থানে চুমু দেওয়ার একধরণের সংস্কৃতি চালু করেছেন। হয়তো ওই নেতা নিছক স্নেহ বা ভালো থেকেই এমনটি করেন, কিন্তু তা দেখে অন্যরা বা সুযোগসন্ধানীরা অনুকরণ করতে পারে কিংবা অসৎ উদ্দেশ্য হাসিলের সুযোগ নিতে পারে। টঙ্গীর ঘটনাকে তিনি এ ধরনের অন্ধ অনুকরণের একটি সম্ভাব্য পরিণতি হিসেবে ইঙ্গিত করেছেন।
অবশ্য ওই রাজনৈতিক নেতার উদ্দেশ্য নেতিবাচক ছিল না বলে মনে করেন তিনি। তবে বর্তমান সামাজিক বাস্তবতায় শিশু বা অন্য কারও প্রতি এ ধরনের প্রকাশ্য আচরণ যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাকে নিজের আচরণ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রাশেদ খান।

Leave a Reply