নবীগঞ্জ থানা হাজতের ভেতর ভিডিও কাণ্ড: দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্য বরখাস্তের মুখে, গ্রেপ্তার ১

হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে আটক থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মেহেদী এবং নারী কনস্টেবল আফসানা মিমিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রাম থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শাহ তপু নামের ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়েছিল।

অভিযোগ রয়েছে, হাজতে আটক থাকা অবস্থায় একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে শাহ জুয়েল তাকে পানি দিতে যান। সেই সুযোগে জুয়েল মোবাইল ফোনে শাহ তপুর একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে শাহ তপুকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা হাজতের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী শাহ জুয়েলকেও গ্রেপ্তার করে এবং সন্ত্রাসবিরোধী আইনের ওই একই মামলায় তাকেও সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, হাজতের ভেতর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে পড়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট ডিউটি অফিসার ও কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *