পরিবারকে সময় না দেওয়ার আক্ষেপ: ৫৬ বছর বয়সে এসে নিজের ভুল বুঝতে পেরেছেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান মানেই নিখুঁত অভিনয় আর নতুন কিছু উপহার দেওয়ার চিরন্তন তাগিদ। তবে ক্যারিয়ারের এই অন্ধ দৌড়ে নিজের জীবনের অনেক মূল্যবান সময় যে হাতছাড়া হয়ে গেছে, তা এবার বেশ জোরালোভাবেই উপলব্ধি করেছেন এই অভিনেতা। সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ৬১ বছর বয়সী আমির।

করোনাকালের উপলব্ধি ও শূন্যতা
সিঙ্গাপুরে উৎসবের এক আলাপচারিতায় করোনাকালের স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমির জানান, প্রায় ৩০ বছর তিনি কেবল কাজ আর কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে পরিবার ও কাছের মানুষদের সময় দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবেননি।

তিনি বলেন, কোনো কাজ বা লক্ষ্য নিয়ে এক বা পাঁচ বছর মেতে থাকা যায়, কিন্তু তা যদি তিন দশক ধরে চলে, তবে আশপাশের সম্পর্কগুলো মলিন হয়ে যায়। সন্তানরা বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং একসময় মনের ভেতর তৈরি হয় গভীর শূন্যতা। কথাগুলো বলতে গিয়ে নিজেকে সামলাতে বেশ কয়েকবার বিরতি নিতে হয় তাঁকে এবং দর্শকদের কাছে ক্ষমাও চান তিনি।

‘৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’
তবে এই উপলব্ধি কেবল অতীতের আফসোসে সীমাবদ্ধ রাখেননি আমির। গত চার বছর ধরে তিনি সচেতনভাবেই পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করার চেষ্টা করছেন। অতীতে এমন বোধ আরও আগে আসার প্রয়োজন ছিল কি না—এমন প্রশ্নের উত্তরে আমির আশাবাদী সুরেই জানান, ৫৬ বছর বয়সে এই উপলব্ধি হওয়ায় তিনি খুশি; যদি এটি ৮৬ বছরে হতো, তবে তা সংশোধনের জন্য বড্ড দেরি হয়ে যেত।

‘কেয়ামত সে কেয়ামত তক’ ও ক্যারিয়ারের শুরুর ভয়
আলোচনায় আমির স্মরণ করেন তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন দিনগুলোর কথা। ১৯৮৮ সালের ব্যবসাসফল ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’ তাঁকে রাতারাতি তারকাখ্যাতি দিলেও এরপরের পথটা সহজ ছিল না। অল্প সময়ে বেশ কয়েকটি ছবি বক্স অফিসে ব্যর্থ হলে অনিশ্চয়তা ও ক্যারিয়ার থমকে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সে সময় তৎকালীন স্ত্রী রিনার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ার কথাও স্মরণ করেন এই অভিনেতা।

সিঙ্গাপুরে বিশেষ সম্মাননা
সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমির খানকে বিশেষ স্ক্রিন আইকন পুরস্কার প্রদান করা হয়। হংকংয়ের প্রখ্যাত নির্মাতা পিটার চ্যান হো-সান তাঁর হাতে এই সম্মান তুলে দেন। এছাড়া উৎসবে আমির অভিনীত ও প্রযোজিত সাড়া জাগানো ছবি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *