যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজগুলোকে কোনো অবস্থাতেই পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি দাবি করেছেন, কৌশলগত এই জলপথের কাছাকাছি যাওয়ার সক্ষমতাও ইতোমধ্যে হারিয়েছে মার্কিন নৌবাহিনী। প্রেসটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক কার্যক্রমের কড়া সমালোচনা করে জেনারেল আবদোল্লাহি বলেন, শক্তির প্রতীক হিসেবে মার্কিন নৌবাহিনীকে ব্যবহার করে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশকে হুমকি দিয়ে আসছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সেই দাপট ও সক্ষমতা অকার্যকর করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগরে ফিরে আসবে—এমন স্বপ্ন কেবল দেখতেই পারেন মার্কিন প্রেসিডেন্ট, তবে এই আকাঙ্ক্ষা নিয়েই তাদের কবরে যেতে হবে।
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবিকে ‘অর্থহীন ও স্ববিরোধী’ আখ্যা দিয়ে আবদোল্লাহি বলেন, ‘আপনারা যদি সবকিছু ধ্বংস করেই থাকেন, তাহলে বারবার এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অর্থ কী?’ বিশ্বজুড়ে ও খোদ মার্কিন জনগণের মনস্তত্ত্বে বিভ্রান্তি ছড়াতেই ওয়াশিংটন এমন বয়ান দিচ্ছে বলে দাবি তাঁর।
তিনি আরও প্রশ্ন তোলেন, ইরানের সামরিক শক্তি যদি সত্যিই ধ্বংস হয়ে গিয়ে থাকে, তবে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বাহিনী কেন হরমুজ প্রণালি কিংবা ইরানের সমুদ্র ও স্থলসীমান্তের কাছাকাছি আসার সাহস পাচ্ছে না? উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসলেও ওয়াশিংটন বলে আসছে তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে।

Leave a Reply