বিরল ঘটনা: ২০২৮ সালে এক বছরেই দুইবার উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নিয়ে এক বিরল তথ্য সামনে এসেছে। পঞ্জিকার তিথি গণনার পদ্ধতিগত পার্থক্যের কারণে ২০২৮ সালে একই বছরে দুই দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গোৎসব। প্রায় ১৫ দিনের ব্যবধানে এই দুই পূজা অনুষ্ঠিত হওয়ার খবরে এরই মধ্যে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে ২০২৬ সালে জোড়া সপ্তমী এবং ২০২৭ সালে জোড়া মহাঅষ্টমীর ঘটনা ঘটলেও, ২০২৮ সালে তিথিগত পার্থক্যের কারণে দুই ভিন্ন সময়ে পূজার লগ্ন নির্ধারিত হয়েছে।

হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, বাংলায় মূলত দুটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করে পূজার দিনক্ষণ নির্ধারণ করা হয়:

বিশুদ্ধ সিদ্ধান্ত: এই পদ্ধতিতে দৃকসিদ্ধ গণনাপদ্ধতি অনুসরণ করা হয়। বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মতো প্রধান মঠ-মন্দিরগুলোতে এই নিয়ম মেনে পূজা হয়। এর হিসাব অনুযায়ী, ২০২৮ সালের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শেষ দিকে।

সূর্য সিদ্ধান্ত: এই পদ্ধতিতে মহাজাগতিক অবস্থানের ভিত্তিতে তিথি ও নক্ষত্র গণনা করা হয়। সাধারণত বনেদি বাড়ি, বারোয়ারি ও সর্বজনীন পূজায় এই পদ্ধতি অনুসরণ করা হয়। সূর্য সিদ্ধান্ত অনুযায়ী পূজাটি হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে।

দুই পদ্ধতির হিসাবের ভিন্নতার কারণেই পূজা দুটির মধ্যে ১৫ দিনেরও বেশি ব্যবধান তৈরি হচ্ছে।

এক বছরে দুইবার দুর্গাপূজার এই ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও ১৯৮০ সালেও অনুরূপভাবে দুই পদ্ধতি মেনে ভিন্ন সময়ে দেবীর আরাধনা করা হয়েছিল। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, এই দুটি পদ্ধতির যেকোনো একটি মেনে পূজার আয়োজন করা হলেই তা সম্পূর্ণ শুদ্ধ ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

এদিকে, দুই দফায় পূজা অনুষ্ঠিত হলেও সরকারি ছুটি নিয়ে জটিলতা থাকছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিস, আদালত, স্কুল ও কলেজে ছুটি দুইবার ঘোষণা করা হবে না; বরং সাধারণ বারোয়ারি পূজার সময়ের সঙ্গেই ছুটি নির্ধারণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *