মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সম্ভাব্য প্রাণহানির আশঙ্কায় থাকা বেশ কিছু ষড়যন্ত্র এরই মধ্যে ‘অনেক দূর এগিয়েছে’, যা নিয়ে তীব্র উৎকণ্ঠায় রয়েছে মার্কিন নিরাপত্তা বাহিনী।
গত ২৩ অক্টোবরের একটি স্মারকলিপিতে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ক্রমবর্ধমান এই হুমকির মুখে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাস থেকে কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তাদের আশঙ্কা, চলমান এই উত্তেজনা যেকোনো মুহূর্তে বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে, যার ফলে ওই অঞ্চলে থাকা মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীরা আরও বেশি ঝুঁকির মুখে পড়বেন।
পাশাপাশি, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য বড় ধরনের হামলা নিয়েও কড়া নজরদারি চালাচ্ছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, সৌদি আরবের সীমানা পেরিয়ে এই বিদ্রোহীগোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামলা সম্প্রসারণ করতে পারে। এর ওপর নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সামরিক হামলা চালাতে পারে—এমন গুঞ্জন পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের অভিযান শুরু হলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো একটি অশ্রেণিবদ্ধ স্মারকলিপিতে বলা হয়েছে—যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন ইরানের সন্দেহভাজন হত্যার পরিকল্পনা সম্পর্কে সতর্কবার্তা আরও বেশি কর্মকর্তার কাছে পৌঁছানোর তাগিদ দিয়েছেন।
তিনি সতর্ক করে জানান, তথ্য আদান-প্রদানে বিদ্যমান বিভিন্ন বিধিনিষেধের কারণে ঝুঁকিতে থাকা অনেক মার্কিন কর্মকর্তা গুরুত্বপূর্ণ নিরাপত্তাসংক্রান্ত তথ্য সময়মতো পাচ্ছেন না। এই ঝুঁকি কমাতে গোপনীয়তার কঠোর বিধিনিষেধ শিথিল করার প্রস্তাব দিয়েছেন ক্লেটন, যাতে সম্ভাব্য বিপদের মুখে থাকা প্রতিটি মার্কিন কর্মকর্তার কাছে দ্রুত এই হুমকির মূল্যায়ন পৌঁছে দেওয়া সম্ভব হয়।

Leave a Reply