কর্তব্যপরায়ণতা আর সাহসিকতার এক অনন্য নজির স্থাপন করে না ফেরার দেশে চলে গেলেন সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মী সুলতান বিন আলী আল মাস্তুর আল কাহতানি। গত ২১ অক্টোবর বিমানবন্দরের ডিউটিরত অবস্থায় এক আকস্মিক হামলায় সৃষ্ট আগুন নেভাতে গিয়ে এবং যাত্রীদের জীবন রক্ষা করতে গিয়ে তিনি প্রাণ হারান। ছেলের এই বীরত্বপূর্ণ মৃত্যুর পর গর্বিত বাবা আলী আল কাহতানি তাকে একজন ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন।
ঘটনার দিন সুলতান বিমানবন্দরের ১৯ ও ২০ নম্বর গেটের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এমন সময় একটি প্রক্ষেপণাস্ত্রের (প্রজেক্টাইল) আঘাতে বিমানবন্দরের একটি অংশ কেঁপে ওঠে এবং যাত্রীবাহী একটি বিমানের ঠিক পাশেই আগুন ধরে যায়।
আগুন দ্রুত বিমানে ছড়িয়ে পড়তে পারে—এই আশঙ্কায় বিন্দুমাত্র সময় নষ্ট না করে সুলতান ও তার সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। হাতে থাকা ছোট অগ্নিনির্বাপক যন্ত্র (হ্যান্ডহেল্ড এক্সটিংগুইশার) দিয়েই তারা আগুন নেভানোর সাহসী চেষ্টা চালান।
আগুন নিয়ন্ত্রণের এই কঠিন লড়াইয়ে সুলতান প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া শ্বাসপ্রশ্বাসের সঙ্গে গ্রহণ করেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তিনি নিজ দপ্তরে ফিরে আসেন এবং সহকর্মীদের কাছে তীব্র বুকব্যথা ও শ্বাসকষ্টের কথা জানান। সহকর্মীদের তাগিদে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রতিবেদনে এই হামলার পেছনে হুতির সম্পৃক্ততা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যার ফলে বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘটনায় একজন অন্য ব্যক্তি এবং সুলতানসহ মোট আটজন আহতের প্রাথমিক তথ্য নিশ্চিত করেছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় এই সাহসী সৌদি নাগরিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

Leave a Reply