রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় নিখোঁজের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৩ ঘণ্টা পর মো. নুর আমিন ফকির (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। নিহত নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে শিশু নুর আমিন। গোসলের একপর্যায়ে প্রবল স্রোতের টানে সে নদীর গভীরে তলিয়ে যায়। বন্ধুরা বিষয়টি জানালে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়।

অবশেষে ঘটনার ২৩ ঘণ্টা পর শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি নিখোঁজ নুর আমিনের বলে শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *