আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার নিজ কেন্দ্রে আগাম ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার (২৪ অক্টোবর) স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ওয়েস্ট পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে ভোট প্রদান করেন তিনি। জর্জিয়ার একটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি এই ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, তিনি নিজ দলের প্রার্থীদের পক্ষেই ভোট দিয়েছেন। এ সময় ভোটারদের উদ্দেশ্যে দুর্নীতির ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শহর ও জেলাতেই মূলত দুর্নীতি বেশি হচ্ছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে পুরোনো অভিযোগ পুনর্ব্যক্ত করে ৮০ বছর বয়সি ট্রাম্প দাবি করেন, ওই নির্বাচনে তিনি লাখ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, কিন্তু নির্বাচনটি ছিল কারচুপিপূর্ণ। তবে তাঁর এই দাবির পক্ষে অতীতেও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি রয়েছে। ঐতিহ্যগতভাবে এই নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ে বিরোধী দল কিছুটা সুবিধা পেয়ে থাকে। এবারের বিভিন্ন জনমত জরিপেও রিপাবলিকান পার্টির জন্য কিছুটা হতাশাজনক চিত্র উঠে এসেছে। জরিপগুলোর পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদের পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণও হাতছাড়া হওয়ার ঝুঁকিতে রয়েছে রিপাবলিকানরা।
কংগ্রেসে যদি রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তবে প্রেসিডেন্ট হিসেবে নিজের বাকি মেয়াদে বিভিন্ন আইন প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাধার মুখে পড়বেন ট্রাম্প। এছাড়া, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম এবং হোল্ডিং কোম্পানির বিষয়ে জোরালো তদন্ত শুরু করতে পারেন, যা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply