ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন অঞ্চলে তীব্র বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম আল-মাসিরার তথ্য অনুযায়ী, গত শনিবার সানার আসর এলাকায় একটি আবাসিক বাড়িতে বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই দিন সানার একটি সিমেন্ট কারখানা এবং মোখা শহরেও প্রায় ২০টি বিমান হামলার ঘটনা ঘটে।
এর আগে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। পাশাপাশি, রিয়াদ লক্ষ্য করে নিক্ষিপ্ত আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছে জোটটি। হামলার জেরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা তায়েফ, ইয়ানবু, মক্কা ও জেদ্দায় সাময়িকভাবে সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়।
এদিকে সৌদি আরবের ভূখণ্ড এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হুতিদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরব। ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, হুতিদের এসব তৎপরতা লোহিত সাগরের নিরাপত্তা বিপন্ন করার পাশাপাশি মানবিক সংকটকে আরও গভীর করছে।
বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে অবিলম্বে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে হুতিদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ইসরায়েলের দখলদারিত্বমূলক নীতিকেও দায়ী করেন তারা।

Leave a Reply