অমানবিক শীতেও ভাসছে গাজা: ক্ষতিগ্রস্ত ৭০ হাজার তাঁবু, খোলা আকাশের নিচে লাখো মানুষ

আসন্ন শীতের হিমেল পরশ আর সঙ্গে চলা ভারী বর্ষণ গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনকে করে তুলেছে আরও বেশি দুর্বিষহ। গত শুক্রবার রাতের আকস্মিক ও অবিরাম বৃষ্টিতে গাজা উপত্যকার প্রায় ৭০ হাজারেরও বেশি তাঁবু পানিতে তলিয়ে গেছে। এর ফলে চরম মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন সেখানে আশ্রয় নেওয়া লাখো অসহায় মানুষ।

ভারী বৃষ্টির কারণে উপত্যকার বিভিন্ন আশ্রয়শিবিরে তাঁবুগুলোর ভেতর পানি ঢুকে ভেসে গেছে বিছানা, কম্বল, কার্পেট ও বেঁচে থাকার শেষ সম্বলটুকু—খাদ্যসামগ্রী। মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী জাবের আল-কাসিহ জানান, গত শীতেও তাদের তাঁবু একাধিকবার জলমগ্ন হয়েছিল, তবে এবারের পরিস্থিতি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পানি আর কাদায় ছেয়ে গেছে চারপাশ, ছিঁড়ে গেছে অধিকাংশ তাঁবু। রাতে শিশুদের নিরাপত্তা নিয়ে সারারাত বিনিদ্র কাটছে অভিভাবকদের।

আলজাজিরার প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাজায় প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী ও জরুরি উপকরণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ৬০ হাজার অস্থায়ী মোবাইল বাড়ি এবং ২ লাখ তাঁবুর চাহিদা থাকলেও অনুমোদন মিলেছে নামমাত্র ২০ হাজার তাঁবুর। এর একটি বড় অংশ এখনো মিসর সীমান্তে আটকে আছে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, বর্তমানে গাজায় ৫ লাখ ৬১ হাজার ত্রিপল ও ১ লাখ ২১ হাজার তাঁবুর তীব্র সংকট চলছে।

যুদ্ধের ভয়াবহতায় বারবার বাস্তুচ্যুত হওয়া সাধারণ মানুষের কণ্ঠে এখন কেবলই হতাশা আর চরম আক্ষেপ। উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে আজ-জাওয়াইদায় আশ্রয় নেওয়া ওম হানি হামুদা জানান, বৃষ্টির প্রথম ধাপে তাঁবুর অবস্থা এতটাই খারাপ হয়েছে যে তা শীত বা ঝড়-বৃষ্টি থেকে একবিন্দুও সুরক্ষা দিতে পারছে না। ১৫ বার ঘরছাড়া হওয়া এই নারী বলেন, পুরোনো তাঁবুর জায়গায় একটি সাধারণ মোবাইল বাড়ি পেলেও আজ তাদের জীবনে কিছুটা স্বস্তি মিলত; তারা কেবল একটু মর্যাদাপূর্ণ জীবন চান।

একই রকম দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানান জিহাদ দাওয়াস নামের আরেক ফিলিস্তিনি। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে তাঁবু উড়ে যাওয়ায় এবং ভেতরের সবকিছু ভিজে যাওয়ায় তার সন্তানদের কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে রাত কাটাতে হয়েছে। ফলস্বরূপ, পরের দিনই ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগেছে শিশুরা।

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদু জানান, ইসরায়েলি বিধিনিষেধের কারণে সীমান্তে আটকে থাকা এসব জরুরি সরঞ্জামের অভাবে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি এবারও জীর্ণ ও ক্ষতিগ্রস্ত তাঁবুতে আরেকটি ভয়ংকর শীত পার করতে বাধ্য হচ্ছেন। তাছাড়া গাজার প্রায় ৮৫ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মেরামত করার মতো কাঠ ও প্রয়োজনীয় সামগ্রীও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা দখলদার শক্তির আইনি দায়িত্ব হলেও তা লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *