নগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর নির্যাতনের অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলায় স্বামীর সঙ্গে কলহের জেরে শাপলা রানী (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মিঠন পাহানের (২৮) সঙ্গে শাপলার বিয়ে হয় এবং তাদের সাত বছর বয়সি একটি ছেলে রয়েছে। শুরুতে উভয়ের আয়ে সংসার চললেও গত দেড় বছর ধরে মিঠন মাদকাসক্ত হয়ে পড়েন। ঘটনার দিন নেশার জন্য স্ত্রীর কাছে ১৫০ টাকা চান মিঠন। শাপলা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।

পরে দুপুর সোয়া দুইটার দিকে তাদের সাত বছর বয়সি ছেলে অন্তর বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে মাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। মিঠন দ্রুত ছুটে এসে রশি কেটে তাকে নিচে নামান এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই শাপলার মৃত্যু হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *