শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন: ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, তার এই পদক্ষেপকে সরাসরি ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। তিনি মন্তব্য করেন, “শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।”

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির সূত্রে জানা যায়, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। চিঠিতে তার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে—এমন তথ্য পাওয়ার পরই তারা নতুন নথিপত্র ইস্যু করার জন্য আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করলেও মাঝেমধ্যেই তার দেশে ফেরার গুঞ্জন এবং বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *