হরমুজ প্রণালিতে তেল পাচার পুরোপুরি বন্ধের দাবি ইরান আইআরজিসির

হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে অবৈধভাবে তেল পাচার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের ভাষ্যমতে, ওই এলাকার শত্রুপক্ষ সমর্থিত নৌ-সংকেত ও সহায়ক অবকাঠামো ধ্বংস করার পর থেকে কোনো জাহাজ আর ওই নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করতে পারেনি।

সোমবার ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির এক নৌ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

নাম গোপন রাখার শর্তে তিনি জানান, প্রণালির দক্ষিণের পাহাড়ি ও পাথুরে এলাকায় বসানো শত্রুপক্ষের নৌ-চলাচল নির্দেশক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে গত রাতে কোনো নৌযান ওই পথে ঢোকার সাহস পায়নি এবং তেল পাচারের রুটটিও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর তেহরান হরমুজ প্রণালি দিয়ে সাধারণ জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয় এবং তাদের অনুমোদিত নির্ধারিত পথ ব্যবহারের নির্দেশনা জারি করে।

ইরানি বিধিনিষেধের মুখে উপসাগরীয় দেশগুলো মার্কিন নৌবাহিনীর পাহায় শিপ-টু-শিপ (জাহাজ থেকে জাহাজে) জ্বালানি স্থানান্তরের মাধ্যমে বিকল্প উপায়ে রপ্তানি সচল রাখার চেষ্টা করছে। তবে ইরান এ ধরনের প্রচেষ্টাকে ‘আইন লঙ্ঘন’ হিসেবে গণ্য করে বেশ কয়েকটি জাহাজে অভিযান ও হামলা চালিয়েছে, যা গত অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *