দীর্ঘ এক যুগের আইনি লড়াই ও জটিলতার অবসান ঘটিয়ে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা নিজস্ব ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি।
আদালতের চূড়ান্ত রায় ও নির্দেশের পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় ভবনটির দখল বুঝে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।
২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেড-এর সঙ্গে চুক্তি করেছিল ব্যাংকটি।
চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে নিচতলা থেকে ১২তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের ভবনটি নির্মাণ করে দলিলসহ বেসিক ব্যাংকের কাছে হস্ততার কথা ছিল।
নির্ধারিত সময়ে ভবন হস্তান্তর না করায় ব্যাংকের স্বার্থ রক্ষায় আইনি লড়াই শুরু করে বেসিক ব্যাংক।
সম্প্রতি টাইটেল এক্সিকিউশন মামলায় আদালতের রায় ব্যাংকের অনুকূলে আসায় এই দখল হস্তান্তরের পথ সুগম হয়।
দখল নেওয়ার পর ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দ্রুত ভবনের অসম্পূর্ণ কাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করা হবে, যা ব্যাংকের বড় ধরনের আর্থিক সাশ্রয় করবে।

Leave a Reply