চুলার ধোঁয়া নিয়ে বিরোধ: কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রান্নার চুলার ধোঁয়াকে কেন্দ্র করে প্রতিবেশী নারীর মারধরে নিহত হন জ্যোৎস্না বেগম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আলোচিত এই হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—

মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০)

ছবর আলীর ছেলে মঞ্জিল মিয়া (৬৫) ও শহিদ (৫৫)

আবুল কালামের ছেলে মাহবুব (৩৫)

মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫)

ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)

মামলার বিবরণ থেকে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন ভুক্তভোগী জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়ির রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধ শুরু হয়। একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তা মানা হয়নি।

ঘটনার দিন এ নিয়ে কথা বলতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। তাঁরা উত্তেজিত হয়ে জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে মারা যান জ্যোৎস্না বেগম।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *