দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৫টায় জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার হোসেন, সদস্যসচিব মো. সেলিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশে প্রায় ১৩০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। এ সময় খাগড়াছড়িতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তাঁরা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

Leave a Reply