জনগণের ওপর গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো আইনি বা নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শত শত শহীদের রক্তের ওপর দিয়ে যারা বিদেশে পালিয়ে গেছে, তারা আজ কীসের ভিত্তিতে দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট দাবি করছে? সাবেক সরকারের আইনমন্ত্রীর বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বলা হয়েছিল ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। অথচ এখন সেই মানবতাবিরোধী অপরাধীরা আইনের শাসন এড়িয়ে নানা সুবিধা চাইছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১৪০০ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি এসব অপরাধের কঠোর বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।
তারেক রহমানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তারেক রহমান অমানুষিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার প্রয়োজনে নিয়ম মেনে বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ফলে পলাতক আসামিদের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ বজায় রাখতে হবে।
নির্বাচন ও বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ আর কোনো রাতের ভোট বা প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই প্রতিনিধিত্বশীল সরকার বিচার বিভাগ ও সংবিধানের ভিত্তিতে আইনের শাসন নিশ্চিত করবে।
বিজ্ঞানমেলায় উপস্থিত তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আজকের এই উদীয়মান তরুণ বিজ্ঞানীরাই ভবিষ্যতে বাংলাদেশের আইনস্টাইন ও নিউটন হয়ে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply