শখ থেকে পেশাদার খেলা: যুক্তরাষ্ট্রে হাইস্কুল শিক্ষার্থীদের মাঝে বাড়ছে ‘বাস ফিশিং’-এর উন্মাদনা

যুক্তরাষ্ট্রে মাছ ধরা এখন আর কেবল অবসরে সময় কাটানোর মাধ্যম নয়; বরং এটি রূপ নিয়েছে এক রোমাঞ্চকর ও প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে। বিশেষ করে ‘বাস’ (Bass) মাছ ধরাকে কেন্দ্র করে তরুণদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আকর্ষণীয় পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ থাকায় মার্কিন হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে এই খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। ভোরের আলো ফোটার আগেই ২৫টি নৌকা নিয়ে কড়া প্রতিযোগিতায় নেমে পড়েন তরুণ অ্যাঙ্গলাররা। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর সবাই ছুটে যান ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে, লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ওজনের বাস মাছ শিকার করা।

প্রতিযোগিতায় ২১৩টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন আলাবামার ১৮ বছর বয়সি তরুণ কাইগ ব্র্যাগ। টানা আট ঘণ্টা মাছ শিকারের পর তিনি তিনটি বাস মাছ নিয়ে ফেরেন, যেগুলোর মোট ওজন ছিল ১১ পাউন্ড ৩ আউন্স। এই জয়ে তিনি পান ২৫ হাজার ডলারের একটি বিশেষ মাছ ধরার নৌকা এবং ৫ হাজার ডলারের কলেজ বৃত্তি—বাংলাদেশি মুদ্রায় যার মোট মূল্য ৩৭ লাখ টাকারও বেশি।

বাস মাছ ধরার প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে কাইগ বলেন, “বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে প্রতি পদক্ষেপে নতুন একটি ধাঁধার সমাধান করতে হয়।”

নিয়ন্ত্রণ সংস্থা: খেলাটির মূল নিয়ন্ত্রক সংস্থা হলো ‘বাস নেশন’ (Bass Anglers Sportsman Society)। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে তাদের প্রায় ১,১০০টি হাইস্কুল ও যুব ক্লাব রয়েছে, যেখানে যুক্ত আছেন প্রায় ১২,০০০ তরুণ শিকারি।

নিয়মাবলী: প্রতিটি দলে এক বা দুজন হাইস্কুল শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগীরা সর্বোচ্চ তিনটি মাছ ধরতে পারেন, তবে প্রতিটি মাছের দৈর্ঘ্য কমপক্ষে ১৫ ইঞ্চি হতে হবে। এছাড়া মাছগুলোকে জীবিত অবস্থায় ওজন করে পরবর্তীতে আবার লেকে ছেড়ে দেওয়া হয়।

সহজ নিয়ম ও আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ থাকলেও এই খেলায় টিকতে বেশ বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হয়। একটি নতুন বাস ফিশিং বোটের দাম ১ লাখ ডলার এবং পানির গভীরতা মাপার ডিজিটাল ফিশ ফাইন্ডারের দাম প্রায় ২ হাজার ডলার বা তার বেশি হতে পারে। এর বাইরে যাতায়াত, আবাসন ও নৌকা পরিবহনের খরচ মেটাতে হয় প্রতিযোগীদের।

অধিকাংশ স্কুল দাপ্তরিকভাবে এর দায় নিতে চায় না বলে দলগুলো মূলত ক্লাব ও স্পনসরশিপের ওপর নির্ভর করে চলে। তবে শুধু মাছ ধরা নয়, পেশাদার অঙ্গনে সফল হতে হলে তরুণদের ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং নিজেদের ব্র্যান্ডিং বা পরিচিতি তৈরির সক্ষমতাও অর্জন করতে হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *