ইসরাইলের ২৬তম নেসেট বা পার্লামেন্টের প্রথম দিনেই দেশটির রাজনৈতিক ময়দানে তীব্র উত্তাপ ছড়িয়েছে। সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট-এর নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতা গ্রহণের আগেই বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে বড় ধরনের আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
গত মঙ্গলবার পার্লামেন্টের উদ্বোধনী দিনেই নেতানিয়াহু সরকারের পাস করা বেশ কিছু বিতর্কিত আইন ও নীতি উল্টে দেওয়ার জন্য একাধিক বিল জমা দিয়েছে আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের ‘ডেমোক্র্যাটস পার্টি’।
৭ অক্টোবর হামলার তদন্ত: ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার নেপথ্যের নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখতে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রস্তাব। নেতানিয়াহু এতদিন এর বিরোধিতা করে এলেও বিরোধী দলগুলো একে নিজেদের প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে দেখছে।
বিচার বিভাগীয় সংস্কারের পতন: নেতানিয়াহু আমলের বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইনগুলো বাতিলের উদ্যোগ। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার সিদ্ধান্ত, বিচারক নিয়োগ কমিটির কাঠামোগত পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রীর বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন।
প্রধানমন্ত্রীর ক্ষমতা ও যোগ্যতা: প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণা সংক্রান্ত আইনের পূর্বের সংশোধনী বাতিল এবং ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সরকারি পদে নিষিদ্ধ করার প্রস্তাব।
সামাজিক ও নাগরিক সংস্কার: ডেমোক্র্যাটস পার্টির পক্ষ থেকে শাবাথ বা শনিবারের পবিত্র দিনে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমোদন, অতি-রক্ষণশীল ‘হারেদি’ সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার সুরক্ষার মতো যুগান্তকারী প্রস্তাব আনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু সরকারের শেষ সময়ে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, নতুন এই উদ্যোগগুলো সফল হলে তা পুরোপুরি ভেস্তে যাবে। বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, তার আগেই আইনি লড়াইয়ে বড় পরিবর্তনের মুখে পড়তে পারে নেতানিয়াহু শিবির।

Leave a Reply