সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার অপরাধে এক কেনীয় গৃহকর্মীকে ১০০ চাবুক মারার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এই রায় প্রকাশের পর বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
ঘটনার শিকার গৃহকর্মী এস্থার ওয়ানজা মুথোনি সৌদি আরবে কর্মরত অবস্থায় এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হন। স্থানীয় আইনি বাধ্যবাধকতার কারণে হাসপাতালে সন্তান জন্মদানের সময় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আসে। আদালতের এই কঠোর দণ্ডাদেশের পর ভুক্তভোগী নারী গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের শারীরিক নির্যাতন সহ্য করা তার জন্য অসম্ভব।
মানবাধিকারকর্মীদের মতে, এই আইনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন প্রবাসে কর্মরত একক মায়েরা। অনেক সময় গ্রেপ্তার এড়াতে সন্তানের বাবারা পালিয়ে গেলেও সম্পূর্ণ দায়ভার ও শাস্তির খড়্গ এসে পড়ে নারীর ওপর। অধিকার সংস্থা ‘আলকিস্ট’-এর ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারিসহ একাধিক বিশ্লেষক রায়টিকে মধ্যযুগীয় ও চরম সহিংস উল্লেখ করে ভুক্তভোগীকে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন।
২০২০ সালে সৌদি আরব চাবুক মারা বা শারীরিক শাস্তি কমানোর ঘোষণা দিলেও তা বিচারকের বিবেচনাধীন ‘তাযির’ শাস্তির ক্ষেত্রেই সীমিত ছিল। কিন্তু ব্যভিচার সম্পর্কিত ‘হুদুদ’ আইনের অধীনে এখনো বহাল রাখা হয়েছে এসব বর্বর বিধান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত আধুনিকায়ন ও নারী ক্ষমতায়নের পোশাকী সংস্কারের সাথে এ ধরনের রায় চরম বৈপরীত্য প্রকাশ করে বলেও মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।

Leave a Reply