আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ‘পাইপড ওয়াটার স্টেশন’ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতাধীন ‘পাইপড ওয়াটার স্টেশন’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাটকালুপাড়া দাখিল মাদরাসার সুপার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেশনটির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পানি এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থার কোনো বিকল্প নেই। ব্র্যাক ওয়াশ কর্মসূচির এই উদ্যোগ শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা এখান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার যে অভ্যাস গড়ে তুলবে, তা পরবর্তীতে তাদের পরিবার ও সমাজকেও সচেতন করতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী সোজাউদ্দীন এবং উপজেলা ব্র্যাক কর্মকর্তা। এছাড়াও চকশিমলা দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন, ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী বাদলসহ মাদরাসার শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত পাইপড ওয়াটার স্টেশন ও হ্যান্ড ওয়াশিং কর্নার পরিদর্শন করেন এবং এর দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *