কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অবৈধ কাঠামো ও গেট ভাঙল পুরসভা

দক্ষিণ কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনের অবৈধ অস্থায়ী শেড, কাঠামো এবং সীমানা প্রাচীরের গেট উচ্ছেদ করেছে কলকাতা পৌরসভা। বৃহস্পতিবার সকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে এই অভিযান চালানো হয়।

বুলডোজার ও গ্যাস কাটার: প্রথমে বুলডোজার দিয়ে বাড়ির সামনের বাঁশ ও টিনের তৈরি দীর্ঘদিনের অস্থায়ী কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর গ্যাস কাটার দিয়ে ফুটপাতের ওপর থাকা অভিষেকের বাড়ির সামনের কালো রঙের লোহার গেট কেটে ফেলে পৌর কর্মীরা।

নিরাপত্তা কিয়স্ক ও সিসি ক্যামেরা অপসারণ: বাড়ির ঠিক সামনে থাকা পুলিশের কিয়স্ক এবং আশপাশের বাতিস্তম্ভে লাগানো সিসি ক্যামেরাগুলোও খুলে ফেলা হয়।

নিরাপত্তাবলয়: যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ, কম্ব্যাট ফোর্স, র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

পৌরসভা সূত্রে জানা যায়, সরকারি জায়গা ও ফুটপাত দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। এই অংশ সরিয়ে ফেলতে এর আগে অভিষেকের বাড়িতে নোটিশও পাঠানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ফুটপাতের ওপর এই অবৈধ নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। শেষ পর্যন্ত নির্ধারিত নোটিশ ও চাপানউতরের পর বৃহস্পতিবার সকালে পুরসভার প্রকৌশলী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলডোজার নিয়ে সেখানে পৌঁছায়।

এদিকে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয়; সরকারি জমি দখলের অভিযোগে অভিষেক-ঘনিষ্ঠ কারাবন্দী তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের একটি তিনতলা বাড়ি ভাঙার কাজও শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শ্রীরামপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান চলছে। জানা যায়, ২০২৩ সালে বাড়িটি তৈরি করা হলেও গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক জবরদখলের অভিযোগ ওঠে।

এই পুরো ঘটনা প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন। ফুটপাত ও সরকারি জমি দখল করে তাঁর পরিবারের লোকজনসহ দলের অনেক নেতাই এই নির্মাণ করেছেন। এর আগেও বুলডোজার চলেছে, এখনও চলছে। প্রথমে রাজনৈতিক নেতাদের জবরদখল মুক্ত করা হোক, তবেই সাধারণ মানুষ নিজেদের হাতে থাকা জায়গা দখলমুক্ত করবেন।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *