ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা: চাকরিচ্যুত সেই আসাদুল কারাগারে

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর এবং এনটিএমসির কর্মকর্তা পরিচয় দিয়ে অভিনব প্রতারণা চালিয়ে আসছিলেন আসাদুল ইসলাম। অবশেষে যৌথ অভিযানের মাধ্যমে তাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ ও সাঁথিয়া থানার একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়ায় যৌথ অভিযান চালানো হয়। গুলশান থানা ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ দল তাকে আটক করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনায় নিয়ে যাওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সাঁথিয়া থানা পুলিশের একটি ওয়ারেন্টের ভিত্তিতে গুলশান থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসাদুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের আবুল মজিদ মোল্লার ছেলে। তিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তাকে চাকরিচ্যুত করা হয়।

চাকরি হারানোর পর থেকেই তিনি নিজেকে সেনা ও ডিজিএফআইয়ের মেজর হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এছাড়া তিনি নিজেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত বলেও দাবি করতেন।

অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের নীতিনির্ধারক মহলের সঙ্গে নিজের গভীর সখ্য রয়েছে বলে প্রচার করতেন আসাদুল। এই ভুয়া পরিচয়ের প্রভাব দেখিয়ে তিনি সাধারণ মানুষ ও চাকরিপ্রার্থীদের কাছ থেকে চাকরি, বদলি ও পদোন্নতির লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এমনকি মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও তিনি প্রতারণার চেষ্টা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *