বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য পরিচর্যা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে কিশোরীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
১২ নভেম্বর (বৃহস্পতিবার) পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে এসিআই লিমিটেড।
প্রায় দুই ঘণ্টার কর্মশালায় বিদ্যালয়ের ছাত্রীদের বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি এ সময়ের স্বাভাবিক পরিবর্তন নিয়ে অযথা ভয়, সংকোচ ও প্রচলিত ভুল ধারণা থেকে বেরিয়ে এসে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় সেনাবাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুর রহমান, ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব, ক্যাপ্টেন মানিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা। আলোচনা শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা সৃষ্টি এবং বয়ঃসন্ধিকালীন নানা বিষয়ে ইতিবাচক ধারণা গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply