বগুড়ায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে স্কুলব্যাগে লুকিয়ে পাচারের সময় ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরে অবস্থিত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ইশরার হোসেন পাপ্পু (৪২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে। অভিযানে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা) এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল নিশ্চিত হয় যে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাসে বড় ধরনের ইয়াবার চালান বহন করা হচ্ছে। সংবাদের সত্যতা পেয়ে ডিএনসির টিম মহাসড়কে অবস্থান নেয় এবং ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি নৈশকোচে তল্লাশি চালায়। এ সময় বাসের টিকিট ছাড়া সফর করা যাত্রী পাপ্পুর আচরণ সন্দেহজনক মনে হলে তার স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করে ব্যাগটির ভেতর থেকে ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপ্পু স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এই চক্রের পেছনে অন্য কারোর হাত রয়েছে কি না, তা বের করতে তদন্ত চলছে

Leave a Reply