যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর কখনো ফিরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকির বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান।
সম্প্রতি সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হরমুজ প্রণালির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এবং আঞ্চলিক নানা বিষয়ে ইরানের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন গালিবাফ।
সাক্ষাৎকারে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গালিবাফের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সেখানে কোনো ‘উন্মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এখানে প্রযোজ্য নয়। প্রণালির ভেতরের সব নিয়মকানুন এখন থেকে এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ীই নির্ধারিত হবে।
যুদ্ধের স্থায়ী অবসানের জন্য ওয়াশিংটনের সামনে সাত দফা শর্ত দিয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে গালিবাফ বলেছেন, এখন বল পুরোপুরি যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে:
যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া।
সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।
যুদ্ধের অবসান ঘটেছে মর্মে স্পষ্ট ঘোষণা দেওয়া।
গালিবাফের মতে, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল এসব শর্ত। যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে এবং অবিশ্বাস সৃষ্টির মতো আচরণ না করে, তবেই কেবল একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে তিনি স্বীকার করেন, দুই দেশের মধ্যকার সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের তীব্র অনাস্থা।
সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার বিষয়টিও সামনে আনেন গালিবাফ। তিনি জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছিলেন।
পাশাপাশি, ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক হামলা চালালে ওয়াশিংটনকে আবারও বড় পরাজয়ের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি। গালিবাফ উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখেও পড়তে হবে।
ইয়েমেন সংকট প্রসঙ্গে গালিবাফ বলেন, সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের লড়াইয়ে বাইরের কোনো পক্ষেরই হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ইয়েমেন সরকার বা সৌদি আরব—উভয় পক্ষ যদি সংঘাত নিরসনে তেহরানের সহায়তা চায়, তবে ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply